দখলদার ইসরায়েল গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল থেকে বিকেলের মধ্যে অন্তত ৫১ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে ৩৪ জন গাজা সিটির বাসিন্দা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র আলজাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে আল্টিমেটাম দিয়েছেন তার ঘোষিত ২০ দফার যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে। রোববারের মধ্যে হামাস যদি এই শর্ত না মানে তবে তাদের ওপর “নরক নেমে আসবে” বলে হুমকি দেন তিনি।
শুক্রবার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা বার্তায় ট্রাম্প বলেন, হামাসকে সব অস্ত্র সমর্পণ করতে হবে এবং ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে।
ট্রাম্প গাজার জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানালেও কোথায় তারা আশ্রয় নেবে তা উল্লেখ করেননি। এ প্রস্তাব সম্পর্কে ভিন্ন অবস্থান নিয়েছে হামাস। কাতারে অবস্থানরত হামাস নেতারা শর্তসাপেক্ষে আলোচনায় রাজি হওয়ার ইঙ্গিত দিলেও সংগঠনের সশস্ত্র শাখার প্রধান ইজ আল-দ্বীন হাদ্দাদ ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছেন।

