ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ভয়াবহ এক দুর্ঘটনায় স্কুলভবন ধসে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১৮ জন।
রোববার দুপুরে সিদোয়ার্জো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ও পাশের আরেকটি ভবন ধসে পড়ে মুহূর্তেই চারদিক ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘটনাস্থলে ছিল কয়েক শ’ কিশোর শিক্ষার্থী— ভবন ধসের সময় তারা ক্লাসে ছিল।
দেশটির জাতীয় উদ্ধার সংস্থা বাসারনাস জানিয়েছে, এখন পর্যন্ত ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১০৪ জনকে জীবিত অবস্থায় বের করা সম্ভব হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।
সংস্থার অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তিও জানান, ভবনের প্রায় ৬০ শতাংশ ধ্বংসস্তূপ সরানো হয়েছে, কিন্তু পাশের ভবনটিও ধসে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে। নিখোঁজদের অনেকেই ওই সংলগ্ন ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি জানিয়েছে, আহতদের মধ্যে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, তবে অন্তত ১৫ জনের অবস্থা গুরুতর।
প্রাথমিক তদন্তে জানা গেছে, স্কুলটির ছাদে নতুন তলা নির্মাণের কাজ চলছিল। কিন্তু পুরনো ভবনের ফাউন্ডেশন বা ভিত্তি এতটা শক্ত ছিল না যে তা নতুন কাঠামো বহন করতে পারে। শিক্ষকরা বলছেন, এই বিষয়টি উপেক্ষা করায় দুর্ঘটনার মাত্রা বেড়েছে।
স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান জোরদার করেছে, তবে ধ্বংসস্তূপের নিচে এখনো মানুষ জীবিত থাকার আশায় কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা।

