পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় সেনাবাহিনীর গাড়িবহর লক্ষ্য করে ভয়াবহ অ্যামবুশ হামলা চালিয়েছে নিষিদ্ধ কট্টরপন্থি গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)। বুধবার (৮ অক্টোবর) সকালে কুররম ও ওরাকজাই জেলার সংযোগ সড়কে এ হামলায় নয়জন সেনাসদস্য ও দুইজন কর্মকর্তা নিহত হয়েছেন।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, টিটিপির সন্ত্রাসীরা আগেই ওই এলাকায় অবস্থান নিয়েছিল। সামরিক গাড়িবহর তাদের নাগালের মধ্যে আসামাত্রই তারা গুলিবর্ষণ শুরু করে। হামলার কিছুক্ষণের মধ্যেই সড়কে পেতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়, এতে বহরের একটি গাড়ি ধ্বংস হয়ে যায়। নিহত দুই কর্মকর্তা সেই গাড়িতেই ছিলেন, আর বাকিরা ছিলেন অন্য গাড়িতে।
পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, নিহত সেনারা ওরাকজাইয়ে একটি অভিযান শেষ করে ফেরার পথে ছিলেন। ঐ অভিযানে টিটিপির ১৯ সদস্য নিহত হয় বলে আইএসপিআর জানিয়েছে।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠার পর থেকেই আফগান সীমান্তসংলগ্ন পাকিস্তানের দুই প্রদেশ—খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা ও তৎপরতা বেড়ে গেছে বহুগুণে। খাইবার পাখতুনখোয়া টিটিপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, আর বেলুচিস্তানে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। পাকিস্তান সরকার উভয় গোষ্ঠীকেই নিষিদ্ধ ঘোষণা করেছে।
থিংকট্যাংক সংস্থা ‘পিস’-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে দেশটিতে সন্ত্রাসী হামলা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছে নয় শতাধিক মানুষ।

