চলতি মেয়াদে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার নানা পদক্ষেপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা প্রশংসিত হয়েছে। যদিও নোবেল পুরস্কার পাননি, তবুও ট্রাম্প শান্তি ও সহযোগিতার কার্যক্রম অব্যাহত রেখেছেন। এর মধ্যে সম্প্রতি তিনি আর্জেন্টিনার অর্থনীতিকে সমর্থন দিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, মেসি-ম্যারাডোনার দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনার মুদ্রা পেসো কিনেছে। এছাড়া আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা করার জন্য ২০ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে।

The @USTreasury has concluded 4 days of intensive meetings with Minister @LuisCaputoAR and his team in DC. We discussed Argentina’s strong economic fundamentals, including structural changes already underway that will generate significant dollar-denominated exports and foreign…

গত বৃহস্পতিবার এই তথ্য সামাজিক মাধ্যমে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেন, আর্জেন্টিনার বাজারে স্থিতিশীলতা আনতে ট্রেজারি বিভাগ যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। ঋণ প্যাকেজটি মূলত ‘মুদ্রা বিনিময়’ হিসেবে কাজ করবে, যাতে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে ট্রেজারি বিভাগের কাছ থেকে পেসোর বিনিময়ে সরাসরি মার্কিন ডলার কিনতে পারবে। এ প্রকল্পের ঊর্ধ্ব সীমা ধরা হয়েছে ২০ বিলিয়ন ডলার।
স্থানীয় সরকার নির্বাচনে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর দল নিদারুণ পরাজয়ের মুখে। এর ফলে ডলারের বিপরীতে পেসোর মান দ্রুত কমছে। ট্রাম্প বরাবরই মিলেইকে সমর্থন জানিয়ে এসেছেন এবং তাকে নির্বাচনে জেতানোর আহ্বান জানিয়েছেন।

তবে সমালোচকরা ট্রাম্পের এই পদক্ষেপকে ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সঙ্গে সাংঘর্ষিক মনে করছেন। তবে বেসেন্ট বলেন, আর্জেন্টিনা বর্তমানে ভয়াবহ তারল্য সংকটে রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও আন্তর্জাতিক সম্প্রদায় আর্জেন্টিনার আর্থিক কৌশলের পাশে আছে, কিন্তু দ্রুততম সময়ে উদ্যোগ নেওয়া সম্ভব শুধুমাত্র যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।

