সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল শান্তি পুরস্কারকে নিশানা করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি অভিযোগ করেন, ওবামা “কিছু না করেই” পুরস্কার পেয়েছেন এবং “দেশটাকে ধ্বংস করেছেন।”
ট্রাম্প বলেন, “ওবামা কিছুই করেননি, অথচ নোবেল পেয়ে গেলেন। একেবারেই কিছু না করেই, শুধু আমাদের দেশ ধ্বংস করার জন্য।”
২০০৯ সালে প্রেসিডেন্ট হওয়ার মাত্র আট মাস পরই ওবামাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। সে সময় এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছিলেন অনেকে। নিউইয়র্ক টাইমস তাদের সম্পাদকীয়তে লিখেছিল, ওবামাকে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে নোবেল কমিটির মানদণ্ড আরও উচ্চ হওয়া উচিত ছিল।
নোবেল পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প দাবি করেন, “আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি, যা আগে কখনো হয়নি। কিন্তু তারা যা সিদ্ধান্ত নেবে, সেটাই হবে। আমি জানি, আমি এসব পুরস্কারের জন্য করিনি, আমি করেছি মানুষের জীবন বাঁচানোর জন্য।”
তিনি আরও উল্লেখ করেন, গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং আটটি যুদ্ধ বন্ধে তার অবদান কোনোভাবেই ওবামার তুলনায় কম নয়।
জানুয়ারি থেকে হোয়াইট হাউজে ফিরে আসার পর ট্রাম্প নরওয়ের পিস রিসার্চ ইনস্টিটিউটের (PRI) ওপর চাপ বাড়িয়েছেন, যা নোবেল কমিটিকে প্রার্থী মূল্যায়নে সহায়তা করে। ওয়াশিংটনভিত্তিক সূত্রগুলো বলছে, ট্রাম্প বারবার নিজেকে নোবেলপ্রার্থী হিসেবে তুলে ধরছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সাফল্যের কৃতিত্ব দাবি করছেন, যদিও অনেক কৃতিত্ব অতিরঞ্জিত বা বিতর্কিত।
যদিও কিছু সংঘাতে অস্থায়ী যুদ্ধবিরতি আনতে ট্রাম্প প্রশাসনের ভূমিকা ছিল, তবে যে যুদ্ধগুলোর অবসান তিনি দাবি করেছেন, সংশ্লিষ্ট দেশগুলো তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। গত মাসে জাতিসংঘে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “আমি ৭টি ‘না থামার মতো’ শেষ করেছি,” যা বিশ্লেষকরা মনে করছেন তার আত্মপ্রচারণার অংশ।

