সৌদি আরব সরকার সম্প্রতি নতুন একটি নির্দেশনা জারি করেছে, যার মাধ্যমে মসজিদ এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫০০ মিটার দূরত্বে তামাকজাত পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। নির্দেশনার মূল লক্ষ্য হলো দেশের ধর্মীয় পবিত্রতা রক্ষা করা এবং তরুণ প্রজন্মকে ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা।
সৌদি কর্তৃপক্ষ বলেছে, মসজিদ ও ধর্মীয় স্থানের আশেপাশে ধূমপান বা তামাক বিক্রি ইসলামি দৃষ্টিকোণ থেকেও অগ্রহণযোগ্য। নতুন নীতিমালা দেশের জনস্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির অংশ, যার মাধ্যমে ধূমপানের ক্ষতিকর প্রভাব কমানো, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং নগর এলাকার ব্যবসায়িক পরিবেশ সুসংহত করা হবে।
নতুন নিয়মের মূল বিষয়সমূহ
-
সিগারেট, শীশা, ই-সিগারেটসহ সব ধরনের তামাকজাত পণ্য বিক্রির দোকানকে বৈধ বাণিজ্যিক নিবন্ধন, সিভিল ডিফেন্স অনুমোদন ও পৌরসভা লাইসেন্স নিতে হবে।
-
দোকানের অন্তত ৩৬ বর্গমিটার জায়গা থাকতে হবে এবং স্থানীয় কর্তৃপক্ষ চাইলে অতিরিক্ত শর্ত আরোপ করতে পারবে।
-
দোকানের বাইরে কোনো তামাক ব্র্যান্ডের লোগো, পোস্টার বা বিজ্ঞাপন প্রদর্শন করা যাবে না; শুধু দোকানের নাম ঝুলানো যাবে।
-
ফুটপাত দখল বা খোলা স্থানে পণ্য প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ।
-
প্রতিটি দোকানে অভ্যন্তরীণ ও বহিরাগত সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক।
-
ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি বজায় রাখা বাধ্যতামূলক।
-
বিক্রি করা প্রতিটি তামাকপণ্য SFDA-এর মান অনুযায়ী হতে হবে এবং স্পষ্টভাবে ধূমপানের ক্ষতি সম্পর্কে সতর্কবার্তা থাকতে হবে।
-
পণ্য সিল প্যাকেটে বিক্রি করতে হবে; কোনো ছাড়, উপহার, প্রোমোশন বা টেস্টিং কার্যক্রম করা যাবে না।
-
ভেন্ডিং মেশিনের মাধ্যমে বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।
সৌদি সরকার ব্যবসায়ীদের নতুন নীতিমালা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
এই উদ্যোগকে ইসলামি পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্য সচেতন সমাজ গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

