ভারতের মহাসাগরের দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কারে আবারো রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। সপ্তাহব্যাপী তরুণদের নেতৃত্বে বিক্ষোভের পর দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। খবর জানিয়েছে বিবিসি।
মঙ্গলবার দেশটির এক অভিজাত সামরিক ইউনিট প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনার কাছ থেকে ক্ষমতা গ্রহণের ঘোষণা দেয়। রাজধানী আন্তানানারিভোর প্রেসিডেন্সিয়াল প্রাসাদের বাইরে দাঁড়িয়ে কর্নেল মাইকেল র্যান্ড্রিয়ানিরিনা জানান, সেনাবাহিনী একটি অন্তর্বর্তী সরকার গঠন করবে এবং দুই বছরের মধ্যে নির্বাচন আয়োজন করবে। একই সঙ্গে নির্বাচন কমিশনসহ কয়েকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে।
কর্নেল র্যান্ড্রিয়ানিরিনা বলেন, “এই আন্দোলন রাজপথ থেকে এসেছে—তরুণদের কাছ থেকে। তাই আমরা তাদের দাবিকে নতুন পরিবর্তনের প্রক্রিয়ায় সম্মান জানাব।”
ঘোষণার পর রাজধানীতে হাজারো মানুষ পতাকা উড়াতে এবং উল্লাস করতে দেখা গেছে। সেনা সদস্য ও আন্দোলনকারীরা একসঙ্গে প্রেসিডেন্টের পতন উদযাপন করেছেন।
এদিকে, মাদাগাস্কারের সংবিধানিক আদালত কর্নেল র্যান্ড্রিয়ানিরিনাকে নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, রাজোয়েলিনা এখনো রাষ্ট্রপতি। তাদের বক্তব্য, এটি ‘একটি ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা’।
এই অবস্থায় রাজোয়েলিনার ভবিষ্যত নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, তিনি সম্ভবত একটি ফরাসি সামরিক বিমানে দেশ ছাড়েন। অন্যদিকে, প্রেসিডেন্ট নিজে জানিয়েছেন, তিনি ‘নিরাপদ স্থানে’ আছেন এবং সামরিক ও রাজনৈতিক ষড়যন্ত্রকারীদের ‘জীবননাশের প্রচেষ্টা’ থেকে বাঁচতে বাধ্য হয়েছেন। সেনাবাহিনী এসব অভিযোগ অস্বীকার করেছে।
দুই সপ্তাহ আগে শুরু হওয়া বিক্ষোভের সূচনা হয়েছিল পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে। দ্রুত তা বৃহত্তর সামাজিক আন্দোলনে রূপ নেয়। বেকারত্ব, দুর্নীতি এবং জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি নিয়ে জনগণ ক্ষোভ প্রকাশ করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিক্ষোভে কমপক্ষে ২২ জন নিহত এবং ১০০-এর বেশি আহত হয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর সব পক্ষকে সংবিধানসম্মত শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। আফ্রিকান ইউনিয়নও সেনাবাহীর রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে এবং ‘অসাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের’ যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘটনাটিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন।

