ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ পূর্ব নুসা তেঙ্গারায় অবস্থিত লেওতোবি লাকি-লাকি আগ্নেয়গিরি জেগে উঠেছে। গত বুধবার থেকে লাভার উদ্গীরণ শুরু হলে পার্শ্ববর্তী এলাকা থেকে হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকেই আগ্নেয়গিরিটি সক্রিয় ছিল, তবে বুধবার থেকে তীব্রভাবে লাভা ও ছাই নির্গমন শুরু হয়। ধোঁয়া ও ছাই প্রায় ১০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠে যাচ্ছে বলে জানা গেছে। পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ মোকাবিলা দপ্তরের পূর্ব নুসা তেঙ্গারা শাখা স্থানীয়দের এবং পর্যটকদের লেওতোবি লাকি-লাকি’র আশপাশে না যাওয়ার নির্দেশ দিয়েছে।
লেওতোবি লাকি-লাকি ৫ হাজার ১৯৭ ফুট উচ্চতার একটি আগ্নেয় পর্বত, যার পাশে একই উচ্চতার আরেকটি পর্বত রয়েছে—লেওতোবি পেরেমপুয়ান। এটি একটি জমজ আগ্নেয় পর্বতশ্রেণি হিসেবে পরিচিত। তবে এবার শুধু লেওতোবি লাকি-লাকি থেকেই লাভার অগ্নুৎপাত ঘটেছে।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে একই আগ্নেয়গিরির অগ্নুৎপাতে অন্তত ৯ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছিলেন।
বিশেষজ্ঞরা জানান, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত প্রায়ই ঘটে থাকে। বর্তমানে দেশটিতে মোট ১২০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।

