পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত জেলায় ভোরে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য।
দেশটির রেসকিউ সার্ভিস ১১২২ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে সোয়াত মোটরওয়ের টানেল নম্বর ৩-এর কাছে একটি ট্রাক উল্টে যায়। এতে ১৫ জন নিহত ও আরও ৮ জন আহত হন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর, তাদের সোয়াতে স্থানান্তর করা হয়েছে।
রেসকিউ ১১২২-এর মুখপাত্র শাফিকা গুল বলেন, “নিহতদের মধ্যে নারী, পুরুষ এবং শিশুরাও রয়েছেন। তারা সোয়াতের বাহরাইন তহসিলের গাবরাল এলাকার বাসিন্দা। পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।”
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে রেসকিউ টিম ও মোটরওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের বাটখেলা জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পাকিস্তানের মহাসড়কগুলোতে সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটে। বেপরোয়া গতি, ক্লান্ত চালক, গাড়ির যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব, খারাপ সড়ক ও ট্রাফিক আইন প্রয়োগে শিথিলতার কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়শই ঘটছে।
গত মাসে খাইবার পাখতুনখাওয়ার দেরা ইসমাইল খানে ব্রেকফেল হওয়া একটি ট্রাকে অন্তত ১১ জন নিহত ও ৩ জন আহত হন। ১১ সেপ্টেম্বর মানসেহরায় একটি জিপ খাদে পড়ে ২ নারী নিহত ও ৪ জন আহত হন। তার দু’দিন আগে হারিপুরে হাজারা মোটরওয়ে এলাকায় একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়।

