আফগানিস্তান ও পাকিস্তান কাতারের মধ্যস্থতায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। রোববার (১০ অক্টোবর) ভোরে কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
গত শনিবার দোহায় দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করেন। আলোচনা চলাকালে তুরস্কও মধ্যস্থতা করে। কাতার জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর রাখতে দুই দেশ ফলোআপ বৈঠক করবে।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর সাম্প্রতিক দুই সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সরাসরি সংঘর্ষ ঘটে, যার ফলে কয়েকশ মানুষ নিহত ও কয়েক হাজার আহত হয়েছেন।
আলোচনায় আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব, আর পাকিস্তানের পক্ষ থেকে নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।
পাকিস্তান অভিযোগ করছে, আফগানিস্তান সীমান্তবর্তী সশস্ত্র গোষ্ঠীর প্রতি সহায়তা দিচ্ছে। আফগানিস্তান শুরু থেকেই দাবি করছে, তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে মদদ দেয় না।
সাম্প্রতিক সংঘর্ষের মধ্যে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) আত্মঘামী বোমা হামলায় সাত সেনা নিহত হন। এর আগে পাকিস্তান কাবুলে বিমান হামলা চালায়, যা প্রতিশোধ হিসেবে আফগান সেনাদের ওপর হামলায় রূপ নেয়।

