যুক্তরাষ্ট্রের বাহিনী ক্যারিবীয় সাগরে একটি মাদকবাহী সাবমেরিন ধ্বংস করেছে। সাবমেরিনটি যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে অগ্রসর হচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অভিযানে দুজন নিহত হয়েছেন এবং আরো দুজনকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।
ট্রাম্প বলেন, সাবমেরিনটিতে ফেন্টানিলসহ বিপুল পরিমাণ অবৈধ মাদক ছিল। নৌযানে চারজন ‘নার্কো-টেররিস্ট’ ছিলেন, তাদের মধ্যে দুজন নিহত হয়েছেন। অভিযানে কোনো মার্কিন সেনা আহত হয়নি।
ট্রাম্প জানিয়েছেন, যদি সাবমেরিনটি উপকূলে পৌঁছাত, তাহলে অন্তত ২৫ হাজার আমেরিকান হতাহত হতো। বেঁচে যাওয়া দুই ব্যক্তিকে ইকুয়েডর ও কলম্বিয়ায় ফেরত পাঠানো হবে, যেখানে তাদের আটক ও বিচার করা হবে।
সংবাদমাধ্যম বলছে, গত মাস থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে অন্তত ছয়টি অভিযান চালিয়েছে। এসব অভিযান মূলত আন্তর্জাতিক জলসীমায় অবৈধ মাদকবাহী জাহাজকে লক্ষ্য করে সংঘটিত হচ্ছে। অনেক অভিযান ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছিই সংঘটিত হওয়ায় যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, সাউদার্ন কমান্ড অঞ্চলে মাদক চোরাচালানকারী চক্রকে লক্ষ্য করে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হয়েছে। ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র স্থল বা সমুদ্র, কোনো পথেই মাদকবাহী সন্ত্রাসীদের সহ্য করবে না।”

