রাফায় সাম্প্রতিক সংঘাতের পর গাজায় যুদ্ধবিরতি বহাল আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার এয়ার ফোর্স ওয়ানে যাত্রাকালে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, “গাজায় কি যুদ্ধবিরতি কার্যকর আছে?”
জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আছে।”
তিনি জানান, হামাস নেতৃত্ব যুদ্ধবিরতি লঙ্ঘনের সঙ্গে জড়িত নয়। বরং গাজার অভ্যন্তরে থাকা কিছু বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করেন তিনি।
ট্রাম্প বলেন, “যেভাবেই হোক, বিষয়টি সঠিকভাবে পরিচালনা করা হবে। কঠোরভাবে এবং যথাযথভাবে এর মোকাবিলা করা হবে।”
তবে বাস্তবে যুদ্ধবিরতির পরও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। অবরুদ্ধ এই উপত্যকায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন।
গাজার সরকারি মিডিয়া অফিসের দাবি, ইসরায়েল ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।
অন্যদিকে, ইসরায়েলের অভিযোগ—হামাসই যুদ্ধবিরতি ভঙ্গ করেছে, যার জবাবে বিমান হামলা চালানো হয়েছে। কিন্তু হামাস এসব অভিযোগ অস্বীকার করেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এই সংঘাতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৬৮ হাজার ১৫৯ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ২০৩ জন।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

