পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানিবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৮ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামের কাচা-আগাই সড়কে এই দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়, ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর আশপাশের মানুষ রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহ করতে ছুটে আসে। ঠিক সেই সময়ই ভয়াবহ বিস্ফোরণ ঘটে, মুহূর্তেই আগুনে পুড়ে যায় বহু মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ট্যাঙ্কারটি উল্টে পড়ে এবং দ্রুত তেল ছড়িয়ে যায়। এরপর আশপাশের মানুষ তা সংগ্রহে এগিয়ে আসলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও বলেন, “বেশিরভাগ নিহত ব্যক্তি বিস্ফোরণের আগে ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করছিলেন।”
ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু জানান, “উদ্ধারকাজ এখনো চলছে। ঘটনাস্থলে প্রচণ্ড যানজট তৈরি হয়েছে, বিশেষ করে সড়কের খারাপ অবস্থার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।”
নাইজেরিয়ায় এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। দেশটির অনেক স্থানে রাস্তার নাজুক অবস্থা এবং অপর্যাপ্তভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহনের কারণে প্রায়ই জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ ও সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে থাকে।

