দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের (আসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) সম্মেলনে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সময়সূচির ব্যস্ততার কারণে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে মোদির পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কুয়ালালামপুরে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত আসিয়ান সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে ভারতীয় পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের বিষয়ে কিছু জানানো হয়নি।
বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভারত ইতোমধ্যেই মালয়েশিয়াকে অবহিত করেছে যে সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। একই সঙ্গে ইঙ্গিত পাওয়া গেছে, মোদি আসিয়ান-ভারত সম্মেলনে ভার্চুয়ালভাবে অংশ নিতে পারেন।
এর আগে গত কয়েক বছর ধরে আসিয়ান-ভারত সম্মেলন ও পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন প্রধানমন্ত্রী মোদি। এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অংশীদার দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ট্রাম্প আগামী ২৬ অক্টোবর দুই দিনের সফরে কুয়ালালামপুরে পৌঁছাবেন।
মোদির মালয়েশিয়া সফরের সঙ্গে কম্বোডিয়া সফরও নির্ধারিত ছিল। তবে মালয়েশিয়া সফর বাতিল হওয়ায় কম্বোডিয়া সফরও আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
প্রসঙ্গত, ভারত ও আসিয়ানের সংলাপ সম্পর্ক শুরু হয় ১৯৯২ সালে খাতভিত্তিক অংশীদারিত্বের মাধ্যমে। ১৯৯৫ সালে তা পূর্ণ সংলাপ অংশীদারিত্বে রূপ নেয় এবং ২০০২ সালে সম্মেলন পর্যায়ে উন্নীত হয়। ২০১২ সালে এই সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে পরিণত হয়।
আসিয়ানের ১০ সদস্য দেশ হলো— ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া। সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতাকে কেন্দ্র করে ভারত-আসিয়ান সম্পর্ক দ্রুত বিকশিত হয়েছে।

