উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে কমপক্ষে ৪০ জন মারা গেছেন। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় নৌকাটি ডুবে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে।
বার্তাসংস্থা রয়টার্স বুধবার (২২ অক্টোবর) প্রতিবেদনে জানিয়েছে, সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশের প্রায় ৭০ জন অভিবাসী বহনকারী নৌকাটি তিউনিসিয়ার মাহদিয়া উপকূলের কাছে ডুবে যায়। এই দুর্ঘটনাটি এ বছরের অন্যতম ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা হিসেবে স্থানীয় কর্মকর্তারা উল্লেখ করেছেন।
তিউনিসিয়া ইউরোপগামী অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। যুদ্ধ ও দারিদ্র্য থেকে পালিয়ে ভালো জীবনের খোঁজে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছেন এসব মানুষ। তিউনিশিয়া থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপের দূরত্ব মাত্র ১৫০ কিলোমিটার, যা অভিবাসীদের জন্য প্রথম নোঙর পয়েন্ট হিসেবে বিবেচিত।
প্রতি বছর হাজার হাজার মানুষ বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন। বৈরী আবহাওয়ার কারণে উত্তাল সাগরে নৌকাডুবির ঘটনা ঘটতে থাকে।
তিউনিশিয়ার স্থানীয় মানবাধিকার সংস্থা তিউনিশীয় ফোরাম ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস (এফটিডিইএস) জানিয়েছে, ২০২৪ সালে রেকর্ডসংখ্যক অভিবাসী তিউনিসিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন। এ সময় নৌকাডুবিতে নিহত বা নিখোঁজ হয়েছেন ৬০০–৭০০ জন। ২০২৩ সালে সমুদ্রপাড়ি দেওয়ার সময় ১ হাজার ৩০০-এর বেশি অভিবাসী প্রাণ হারিয়েছিলেন।

