মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনার পর মালয়েশিয়া সরকার প্রথমবারের মতো বাংলাদেশি রিক্রুটিং এজেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিক মানদণ্ড প্রকাশ করেছে।
সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, এতদিন বাংলাদেশের তুলনায় অন্য দেশের রিক্রুটিং এজেন্সিগুলো বেশি সুবিধা পেত। বর্তমান সরকার বারবার অনুরোধ জানিয়েছিল যেন বাংলাদেশি বৈধ লাইসেন্সধারী এজেন্টদেরও সমান সুযোগ দেওয়া হয়। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত এসেছে।
গত ২১–২২ মে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও মালয়েশিয়ার তৃতীয় যৌথ ওয়ার্কিং গ্রুপ বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় মালয়েশিয়ার প্রতিনিধি দল প্রতিশ্রুতি দেয় যে, অন্য দেশের মতো বাংলাদেশের বেসরকারি রিক্রুটিং এজেন্টদেরও একই সুযোগ দেওয়া হবে এবং মানদণ্ড নির্ধারণ করে তা বাংলাদেশকে জানানো হবে।
এরই ধারাবাহিকতায় ২৮ অক্টোবর মালয়েশিয়া কর্তৃপক্ষ ‘রিক্রুটিং এজেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া’ শিরোনামে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে বাংলাদেশের জন্যও অভিন্ন মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের এজেন্টদের এই মানদণ্ডের ভিত্তিতেই বাছাই করা হবে।
নতুন মানদণ্ডের মূল পয়েন্টগুলো হলো:
১. লাইসেন্স প্রাপ্তির পর ন্যূনতম ৫ বছরের কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
২. গত ৫ বছরে অন্তত ৩ হাজার কর্মী বিদেশে পাঠানোর প্রমাণ থাকতে হবে।
৩. অন্তত তিনটি ভিন্ন দেশে কর্মী প্রেরণের অভিজ্ঞতা থাকতে হবে।
৪. প্রশিক্ষণ, মূল্যায়ন ও নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ অনুমোদন থাকতে হবে।
৫. রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচার, জোরপূর্বক শ্রম বা আর্থিক অনিয়মের কোনো রেকর্ড থাকা যাবে না।
৬. নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র থাকতে হবে, যেখানে আবাসন ও কারিগরি সুবিধা থাকবে।
৭. বিদেশি নিয়োগকর্তাদের কাছ থেকে অন্তত ৫টি সন্তোষজনক প্রশংসাপত্র থাকতে হবে।
৮. কমপক্ষে ১০ হাজার বর্গফুট আয়তনের একটি স্থায়ী অফিস থাকতে হবে।
৯. পূর্ববর্তী নিয়োগ প্রক্রিয়ায় গন্তব্য দেশের আইন ও শর্ত যথাযথভাবে অনুসরণের প্রমাণ থাকতে হবে।
তথ্যবিবরণীতে আরও জানানো হয়েছে, এসব শর্ত পূরণকারী বাংলাদেশি রিক্রুটিং এজেন্টদের কোনো ব্যতিক্রম ছাড়াই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনুমতি দেওয়ার জন্য সরকার মালয়েশিয়াকে অনুরোধ জানাবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলেছে, নির্ধারিত মানদণ্ড পূরণে সক্ষম বৈধ রিক্রুটিং এজেন্টরা আগামী ৭ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে পারবেন।

