ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে ২ হাজার ১০০ জনেরও বেশি ভারতীয় শিখকে ভিসা দিয়েছে পাকিস্তান। বুধবার নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় নয়াদিল্লির পাকিস্তান হাইকমিশন জানায়, আগামী ৪ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত পাঞ্জাবে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেব জির জন্মবার্ষিকী উদ্যাপন হবে। এ উপলক্ষে ভারতীয় শিখ তীর্থযাত্রীদের জন্য এই ভিসা দেওয়া হয়েছে।
গুরু নানক দেবের জন্মস্থান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে লাহোর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত নানকানা সাহিব গ্রামে। ১৪৬৯ সালে এখানেই জন্মগ্রহণ করেন তিনি। প্রতি বছর কার্তিক পূর্ণিমা তিথিতে সেখানে উৎসবমুখরভাবে পালিত হয় এই জন্মবার্ষিকী।
সম্প্রতি ভারত–পাকিস্তান উত্তেজনার কারণে এবারের তীর্থযাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে চলতি মাসের শুরুতে ভারত সরকার শিখ ধর্মাবলম্বীদের জাঠা পাঠানোর অনুমতি দেয়। দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে পাকিস্তানের সরকার ইতোমধ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পাঞ্জাব প্রাদেশিক সরকারের আইনশৃঙ্খলা মন্ত্রণালয়ও নিরাপত্তা জোরদারে বৈঠক করেছে।
মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর নানকানা সাহিবের গুরুদ্বারে। সফরকালে তীর্থযাত্রীরা কর্তারপুর সাহিবসহ পাকিস্তানের বিভিন্ন গুরুদ্বারেও যেতে পারবেন। প্রতি বছরই গুরু নানকের জন্মজয়ন্তীতে ভারত থেকে ধর্মীয় প্রতিনিধিদল পাকিস্তানে যান।

