ভারতের কলকাতার বীরভূমের ইলামবাজারে ৯৫ বছর বয়সী এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি নিজের মেয়ের বাড়িতে এই পথ বেছে নেন।
বৃদ্ধের পরিবার জানিয়েছে, তিনি বাংলাদেশে পুশ-ইন করা হতে পারে এমন আশঙ্কায় আতঙ্কিত ছিলেন। আগামী ৪ নভেম্বর থেকে কলকাতায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) ঘোষণা দেয় নির্বাচন কমিশন। এই ঘোষণার পর তিনি ভয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।
ক্ষিতীশ মজুমদার নামে ওই বৃদ্ধের পরিবার বলেছে, ২০০২ সালের ভোটার তালিকায় তার নাম নেই। তিনি খুব ছোট বয়সে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন এবং তার জীবনে অনেক কষ্ট পেয়েছেন। তার নাতনি নির্মলা ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “বাংলাদেশে পুশ-ইন করা হতে পারে এমন ভয়ে দাদা খুব চিন্তিত ছিলেন। এই বয়সে যদি তাকে পাঠানো হয়, তা নিয়ে তিনি আতঙ্কিত ছিলেন।”
তবে পুলিশ এই দাবিটি অস্বীকার করেছে। তারা জানিয়েছে, বৃদ্ধের কাছ থেকে এমন কোনো নোট পাওয়া যায়নি যেখানে তিনি পুশ-ইনের আশঙ্কার কথা উল্লেখ করেছেন।
ক্ষিতীশ পশ্চিম মোদিনিপুরের বাসিন্দা ছিলেন এবং ইলামবাজারে তার মেয়ের বাড়িতে বসবাস করতেন। বীরভূম পুলিশের এসপি আমনদ্বীপ বলেন, “আমরা জেনেছি তিনি ভোটার তালিকা হালনাগাদ নিয়ে ভয়ে ছিলেন। কিন্তু আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ জানায়নি।”

