ভারত ও যুক্তরাষ্ট্র আগামী ১০ বছরে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি রূপরেখা চুক্তি স্বাক্ষর করেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এটি নিশ্চিত করেন।
হেগসেথ বলেন, এই চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং প্রতিরোধমূলক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য ভাগাভাগি এবং প্রযুক্তিগত সহযোগিতা আরো জোরদার করবে।
চুক্তি স্বাক্ষরের পর হেগসেথ ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান প্রতিরক্ষা সম্মেলনের ফাঁকে বৈঠক করেন।
রাজনাথ বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং চুক্তির মাধ্যমে ভারত–যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্ক নতুন যুগে প্রবেশ করবে। চুক্তিটি ভারত-যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্কের নীতিগত দিকনির্দেশনা নির্ধারণ করবে।
একই সময়ে হেগসেথ চীনের প্রতিরক্ষামন্ত্রী দং জুন-এর সঙ্গে আলোচনা করেন। তিনি চীনের কার্যক্রমের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তির ভারসাম্য বজায় রাখবে এবং নিজেদের স্বার্থ রক্ষা করবে। দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান অঞ্চলেও তিনি চীনের তৎপরতা নিয়ে সতর্কতা প্রকাশ করেন।
হেগসেথ ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ডসহ কয়েকটি দেশের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। আসিয়ান এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর এই বৈঠকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার প্রতিনিধিরাও অংশ নেবেন।

