ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও টেলিকম কর্মকর্তা বঙ্কিম ব্রহ্মভট্টের বিরুদ্ধে ৫০ কোটি ডলার ঋণ জালিয়াতির অভিযোগ উঠেছে, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এ এমনটাই জানা যায়। এই কেলেঙ্কারির জন্য ব্ল্যাকরকের ঋণ শাখা এবং অন্যান্য বৈশ্বিক বিনিয়োগকারী সংস্থার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
ব্রহ্মভট্ট ব্রডব্যান্ড টেলিকম ও ব্রিজভয়েসের সঙ্গে যুক্ত। দুটি সংস্থাই ব্যাঙ্কাই গ্রুপের অধীনে কাজ করে। ২০২৫ সালের জুলাইয়ে ব্যাঙ্কাই গ্রুপ তাকে প্রেসিডেন্ট ও সিইও হিসেবে পরিচয় করিয়েছিল। তার প্রতিষ্ঠান সারা বিশ্বের টেলিকম অপারেটরদের অবকাঠামো ও সংযোগ সরঞ্জাম সরবরাহ করে।
জালিয়াতির ধরন-
মামলার অভিযোগে বলা হয়েছে, ব্রহ্মভট্টের প্রতিষ্ঠানগুলোতে ৫০ কোটি ডলারের ঋণ বকেয়া রয়েছে। তিনি ভুয়া চালান ও ভুয়া পাওনা অ্যাকাউন্ট তৈরি করে বড় ঋণ নিয়েছেন। সেই তহবিল পরে ভারত ও মরিশাসে স্থানান্তর করা হয়।
অভিযোগে আরো বলা হয়েছে, কারিওক্স ক্যাপিটাল ও বিবি ক্যাপিটাল এসপিভি নামের আর্থিক নেটওয়ার্কের মাধ্যমে তিনি ঋণ সংগ্রহ করেন।
বর্তমানে ব্রহ্মভট্ট এবং তার দুটি কোম্পানি দেউলিয়া হওয়ার আবেদন করেছে। যদিও গুরুতর অভিযোগ থাকলেও- তার আইনজীবী সব অভিযোগ অস্বীকার করেছেন।
এ ঘটনার পর বিশ্বব্যাপী টেলিকম ও বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বৃদ্ধি পেয়েছে এবং আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলো নজরদারি জোরদার করেছে।

