উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর হার্মোসিলোর একটি ডিসকাউন্ট দোকানে এই দুর্ঘটনা ঘটে।
রোববার (২ নভেম্বর) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার দেশজুড়ে পালিত হচ্ছিল ঐতিহ্যবাহী ‘ডে অব দ্য ডেড’ উৎসব। সেই সময় হার্মোসিলো শহরের একটি ওয়ালডোস নামের জনপ্রিয় ডিসকাউন্ট স্টোরে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই দোকানজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা থেকে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোনোরা প্রদেশের গভর্নর আলফোনসো দুরাজো এক ভিডিও বার্তায় জানিয়েছেন, দুর্ঘটনার কারণ উদঘাটনে স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী বেশিরভাগ মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়ায় শ্বাস নিতে না পারার কারণে।”
রাষ্ট্রীয় কৌঁসুলি গুস্তাভো সালাস জানান, ফরেনসিক মেডিকেল সার্ভিসের প্রতিবেদনে দেখা গেছে, অধিকাংশ ভুক্তভোগী ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং উদ্ধার কার্যক্রমে তাৎক্ষণিক সহায়তা পাঠানোর নির্দেশ দেন।
রেড ক্রসের তথ্য অনুযায়ী, প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবক ও ১০টি অ্যাম্বুলেন্স উদ্ধার কাজে অংশ নেয়। আহতদের ছয় দফায় হাসপাতালে নেওয়া হয়।
আগুন এখন নিয়ন্ত্রণে এলেও এর সূত্রপাত নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুন লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে শহর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, দোকানটি কোনো হামলার লক্ষ্যবস্তু ছিল না। ফায়ার সার্ভিস প্রধান জানান, আগুন লাগার আগে কোনো বিস্ফোরণ ঘটেছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

