নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। আগামীকাল ৪ নভেম্বর মঙ্গলবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে প্রকাশিত সর্বশেষ চারটি জরিপে দেখা যাচ্ছে, ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি শক্ত অবস্থানে রয়েছেন।
কিছু জরিপ বলছে, প্রধান তিন প্রার্থীর মধ্যে জোহরান ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর মধ্যে যে কারও জেতার সম্ভাবনা রয়েছে। বর্তমান মেয়র এরিক অ্যাডামসের উত্তরসূরির প্রতিদ্বন্দ্বিতা বেশ উত্তেজনাপূর্ণ।

গত বৃহস্পতিবার প্রকাশিত এমারসন কলেজ/পিআইএক্স ১১/দ্য হিল জরিপে দেখা গেছে, জোহরান মামদানি নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমোর চেয়ে প্রায় ২৫ পয়েন্ট এগিয়ে। জোহরানের প্রতি সমর্থন ৫০ শতাংশ, কুমোর ২৫ শতাংশ। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া কুমোর থেকে চার পয়েন্ট পিছিয়ে, সমর্থন ২১ শতাংশ। ৪ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তে পৌঁছায়নি। জোহরানের সমর্থন গত মাসের তুলনায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, কুমোর সমর্থন কমেছে ৩ শতাংশ, আর স্লিওয়ার সমর্থন বেড়েছে ১১ শতাংশ। জরিপটি ২৫ থেকে ২৭ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হয়। এরর মার্জিন ৩.৮ শতাংশ।

জোহরান বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সমর্থন বৃদ্ধিতে সক্ষম হয়েছেন। কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে সমর্থন গত মাসে ৫০ শতাংশ থেকে বেড়ে ৭১ শতাংশ হয়েছে। ৫০ বছরের নিচের ভোটারের মধ্যে ৬৯ শতাংশ তাঁকে সমর্থন করছেন, ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে সমর্থন যথাক্রমে: জোহরান ৩৭ শতাংশ, কুমো ৩১ শতাংশ, স্লিওয়া ২৮ শতাংশ।
গত বৃহস্পতিবার প্রকাশিত মারিস্ট নিউইয়র্ক সিটি জরিপে দেখা যায়, জোহরান কুমোর চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে, আর স্লিওয়ার তুলনায় ৩২ পয়েন্টে এগিয়ে। এখনও সিদ্ধান্তহীন ভোটারদের মধ্যে ৪৮ শতাংশ জোহরানের পক্ষে, ৩২ শতাংশ কুমোর এবং ১৬ শতাংশ স্লিওয়ার পক্ষে। জরিপটি ২৪-২৮ অক্টোবরের মধ্যে পরিচালিত, এরর মার্জিন ৪.২ শতাংশ।

সাফোক বিশ্ববিদ্যালয়ের ২৭ অক্টোবরের জরিপে দেখা গেছে, জোহরান ৪৪ শতাংশ ভোটার সমর্থন পাচ্ছেন, কুমো ৩৪ শতাংশ এবং স্লিওয়া ১১ শতাংশ। নির্বাচনে রিপাবলিকান ভোটারদের প্রভাব গুরুত্বপূর্ণ, বিশেষত কার্টিস স্লিওয়ারের ভোট।
আগাম ভোটের পরিস্থিতি অনুযায়ী, সম্ভাব্য ভোটারদের ৫১ শতাংশ নির্বাচন দিবসে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন, ৩৮ শতাংশ আগাম ভোট দেবেন এবং ১২ শতাংশ ডাকযোগে ভোট দেবেন। কেন্দ্রে ভোট দেওয়ার পরিকল্পনা থাকা ভোটারদের মধ্যে জোহরানের সমর্থন ৫২ শতাংশ, কুমো ৩২ শতাংশ এবং স্লিওয়া ১৫ শতাংশ। সরাসরি ভোটে জোহরান ৪৩ শতাংশ, কুমো ৩৩ শতাংশ এবং স্লিওয়া ১৮ শতাংশ ভোট পাবেন।

