ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে রাজ্যের শেভেলা মণ্ডলে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই মৃত্যু হয় বহু মানুষের।
স্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক হঠাৎ রং সাইডে ঢুকে পড়ে এবং সজোরে ধাক্কা মারে যাত্রীতে পরিপূর্ণ একটি বাসে। প্রায় ৭০ জন যাত্রী নিয়ে চলা বাসটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়, আহতরা ছিটকে পড়ে চারদিকে।
দুর্ঘটনার পর সেখানে সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। স্থানীয় মানুষ ও পুলিশ একসঙ্গে উদ্ধার অভিযানে নামে। ধ্বংসস্তূপে আটকে থাকা আহতদের টেনে বের করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, “ধাক্কার শব্দ এতটাই জোরে ছিল যে, চারপাশ কেঁপে উঠেছিল। চোখের সামনে এত লাশ দেখব, ভাবিনি।”
প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ কয়েকজন আহতের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, মাত্র দুই দিন আগেই ভারতের আরেক প্রান্তে, রাজস্থানের ফালৌদি জেলায় ঘটে আরেকটি ভয়াবহ দুর্ঘটনা। শনিবার ভোরে ভারত মালা মহাসড়কে একটি দাঁড়িয়ে থাকা ট্রেলারের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারান অন্তত ১৮ জন। আহত হয়েছেন আরও তিনজন।
রাজ্য পুলিশের তথ্য অনুযায়ী, নিহতরা সবাই জোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা। তারা বিকানার জেলার কোলায়াত মন্দিরে পূজা শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
মাত্র দুই দিনের ব্যবধানে দুটি ভয়াবহ দুর্ঘটনায় ভারতে প্রাণ হারালেন ৪০ জন মানুষ। রাস্তায় রক্ত আর ধ্বংসস্তূপের চিত্র এখনো দগদগে করে রেখেছে স্থানীয়দের মন। প্রশ্ন উঠছে—ভারতের মহাসড়কগুলো কি সত্যিই নিরাপদ?

