ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমেগি-এর আঘাতে অন্তত ১৪০ জন নিহত ও ব্যাপক বন্যা সৃষ্টি হওয়ায় দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশজুড়ে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করেছেন।
ক্ষয়ক্ষতির সবচেয়ে বেশি কেন্দ্র ছিল সেবু দ্বীপ। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এখানে ৭১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, ১২৭ জন নিখোঁজ এবং ৮২ জন আহত হয়েছেন। জাতীয় বেসামরিক প্রতিরক্ষা অফিস বৃহস্পতিবার ১১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে সেবু প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী আরো ২৮ জনের মৃত্যু ঘটেছে।
প্রেসিডেন্ট মার্কোস সাংবাদিকদের বলেন, প্রায় ১০–১২টি অঞ্চল এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। এত বিস্তৃত প্রভাবের কারণে এটিকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছে।
তিনি আরো জানিয়েছেন, সরকারের এই সিদ্ধান্ত শুধু কালমেগির ক্ষয়ক্ষতির কারণে নয়, বরং সপ্তাহান্তে আসন্ন আরেকটি ঝড় উয়ান-এর আগাম প্রস্তুতির অংশ হিসেবেও নেওয়া হয়েছে।
ফিলিপিন্সে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণার অর্থ হলো—প্রাণহানি, সম্পদের ক্ষতি ও জীবনযাত্রার বিপর্যয় সামাল দিতে সরকারের জরুরি তহবিল ব্যবহার এবং ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী দ্রুত বিতরণে প্রশাসনিক বাধা কমানো।

