গ্রিস ও আলবেনিয়ার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত এক রহস্যময় গুহার ভেতর বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন লক্ষাধিক মাকড়সার বিশাল রাজ্য। প্রায় ১ লাখ ১০ হাজারেরও বেশি মাকড়সা একসঙ্গে বসবাস করছে সেখানে। তাদের তৈরি জাল গুহার প্রায় ১০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত— যা বিজ্ঞানীদের কাছে যেমন বিস্ময়ের, তেমনি এক বিরল জীববৈজ্ঞানিক ঘটনা।
জীববিজ্ঞানী ইস্তভান উরাকের নেতৃত্বে একদল গবেষক ১৭ অক্টোবর প্রকাশিত গবেষণাপত্রে এই অনুসন্ধানের বিস্তারিত তুলে ধরেছেন। তাদের প্রতিবেদনে সালফার কেভ নামের এই গুহার বিশাল জালের ছবি প্রকাশ করা হয়, যেখানে গুহার দেয়াল ও ছাদ ঘন জালে ঢেকে গেছে।
গবেষকদের মতে, এটি দুটি ভিন্ন প্রজাতির মাকড়সার একসঙ্গে বসবাসের অনন্য উদাহরণ। প্রায় ৬৯ হাজার বার্ন ফানেল উইভার এবং ৪২ হাজার প্রিনেরিগন ভেগানস বা বামন উইভার একযোগে এই বিশাল জাল তৈরি করেছে। সাধারণত ফানেল উইভাররা বামন উইভারদের শিকার করে, কিন্তু গুহার সীমিত আলো এবং খাদ্যের প্রাচুর্য এই দুই প্রজাতির মধ্যে অপ্রত্যাশিত সহাবস্থানের জন্ম দিয়েছে।

গুহার অভ্যন্তরীণ ইকোসিস্টেমও গবেষকদের কাছে এক বিস্ময়। তারা জানিয়েছেন, সালফার-সমৃদ্ধ এই গুহায় এক বিশেষ ধরনের মাইক্রোবিয়াল বায়োফিল্ম তৈরি হয় যা সালফার অক্সিডাইজ করতে সক্ষম। এই বায়োফিল্ম খায় নন-বাইটিং মিজ নামের এক প্রজাতির মাছির শূককীট। পরে সেই মাছিগুলো পূর্ণাঙ্গ হয়ে অসংখ্য মাকড়সার খাদ্যে পরিণত হয়।
গুহায় শেডেড অর্ব উইভার নামের আরো একটি একাকী স্বভাবের মাকড়সা প্রজাতিরও সন্ধান মিলেছে, যারা অন্যদের থেকে বিচ্ছিন্নভাবে বাস করছে।
যদিও পুরো ইকোসিস্টেম নিয়ে গবেষণা এখনো চলছে, প্রধান গবেষক ইস্তভান উরাক একে “অসাধারণ বৈজ্ঞানিক সাফল্য” হিসেবে উল্লেখ করেছেন।

