ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং হিজবুল্লাহর সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে।
গত বৃহস্পতিবার ইসরায়েল দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালায়। তাদের দাবি, ইরান-সমর্থিত হিজবুল্লাহ সংগঠনকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয় এবং সংগঠনটি পুনরায় অস্ত্র সংগ্রহের চেষ্টা করছে।
শনিবার ইইউর পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনোনি এক বিবৃতিতে বলেন, “ইইউ ইসরায়েলকে জাতিসংঘের প্রস্তাব ১৭০১ এবং ২০২৪ সালের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনকারী সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা লেবাননের সব পক্ষকে, বিশেষ করে হিজবুল্লাহকে, এমন কোনো পদক্ষেপ বা প্রতিক্রিয়া থেকে বিরত থাকার আহ্বান জানাই যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে।”
ইইউর এই বিবৃতি এমন সময়ে এসেছে যখন ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পাচ্ছে এবং দুই দেশের সীমান্তবর্তী এলাকায় সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে।

