মসজিদে হামলার পরিকল্পনা এবং সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার দায়ে সৌদি আরব দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
রোববার (৯ নভেম্বর) দেশটির বার্তাসংস্থা এসপিএ এক প্রতিবেদনে জানায়, একই দিন তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুসারে, অভিযুক্তরা শুধু মসজিদে হামলার পরিকল্পনাই করেনি, তারা নিরাপত্তা বাহিনীর সদস্য এবং তাদের অবকাঠামোতেও হামলার ষড়যন্ত্রে যুক্ত ছিল। তবে তারা কখন এবং কোথায় এ হামলা চালানোর চেষ্টা করেছিল, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।
সৌদি আরবে রাজনৈতিক দল বা সশস্ত্র সংগঠন গঠন এবং তাতে যোগদান সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারের বিরুদ্ধে কোনো ধরনের বিক্ষোভ বা সংগঠিত কার্যক্রমেরও অনুমতি নেই। এসব আইনের লঙ্ঘনে কঠোর শাস্তির বিধান রয়েছে।
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সৌদি আরবে মৃত্যুদণ্ডের রায় ও তা কার্যকরের হার তুলনামূলকভাবে বেশি বলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই পর্যবেক্ষণ করছে।

