যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের তহবিল আবার চালু করা নিয়ে মার্কিন সিনেটে একটি বিল গত রোববার পাস হয়েছে। এর ফলে রেকর্ড ৪০ দিন ধরে চলা শাটডাউন বা সরকারের অচলাবস্থা শেষ হওয়ার সম্ভাবনা বেড়েছে।
সরকারি ব্যয়ের বাজেট পাস না হওয়ায় বহু সরকারি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বিশেষ করে দেশটিতে উড়োজাহাজ চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে।
সিএনএন ও ফক্স নিউজসহ একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা ভর্তুকি, খাদ্য সহায়তা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কর্মী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর আইনপ্রণেতারা একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন। এই চুক্তি আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের তহবিল চালু রাখবে।
বিলটি সিনেটে ৬০-৪০ ভোটে পাস হয়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে ভোটাভুটি চলে। কেন্দ্রীয় সরকারের ব্যয়-বরাদ্দ সংক্রান্ত এই পদক্ষেপ সরকারের অচলাবস্থা কাটাতে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হচ্ছে।
মার্কিন সিনেটে সদস্য সংখ্যা ১০০। বিল পাসের জন্য কমপক্ষে ৬০ ভোট প্রয়োজন। এর আগে একাধিকবার প্রচেষ্টা হলেও পর্যাপ্ত ভোট না পড়ায় বিল পাস হয়নি। এই দিন ডেমোক্রেটিক পার্টির সিনেটররা এবং একজন স্বতন্ত্র সিনেটর বিলটির পক্ষে ভোট দেন।
তবে সিনেটে পাস হওয়া সত্ত্বেও পুরো অচলাবস্থা এখনো সমাধান হয়নি। এই বিল এখন প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। বর্তমানে সেখানে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। বিলটি পাস হলে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের জন্য পাঠানো হবে এবং তার সইয়ের পরই এটি কার্যকর হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, “দেখে মনে হচ্ছে, সরকারের অচলাবস্থা শিগগিরই শেষ হতে যাচ্ছে।” তিনি সপ্তাহান্তে ফ্লোরিডার মার-এ-লাগোতে ছুটি কাটিয়ে হোয়াইট হাউসে ফিরেছেন।
যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থা শুরু হয়েছিল গত ১ অক্টোবর থেকে।

