ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক সতর্কতা জারি হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দু’টি দেশই তাদের নাগরিকদের জন্য ভ্রমণে সতর্কতা জারি করেছে এবং বিশেষ এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি জানায়, মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের সতর্ক করে বলেছে, লালকেল্লা ও চাঁদনি চকের আশপাশের এলাকা এড়িয়ে চলতে, বড় জনসমাগম থেকে দূরে থাকতে এবং স্থানীয় গণমাধ্যমে হালনাগাদ খবর নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। পাশাপাশি আশেপাশের ঘটনাবলীর বিষয়ে সচেতন থাকা ও পর্যটক সমাগম হয় এমন স্থানগুলোতেও সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন দূতাবাস তাদের বার্তায় জানিয়েছে—
- লালকেল্লা ও চাঁদনি চকের আশপাশে যেতে হবে না।
- জনাকীর্ণ স্থান এড়িয়ে চলা।
- স্থানীয় সংবাদমাধ্যমের মাধ্যমে আপডেট খবর নজরে রাখা।
- আশেপাশের পরিস্থিতি ও জনসমাগমের বিষয়ে সতর্ক থাকা।
মার্কিন প্রতিক্রিয়া ও সমবেদনা-
যুক্তরাষ্ট্র বিস্ফোরণে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) লিখেছে, “নয়াদিল্লির ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”
মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগ জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। তবে ভারত সরকার কয়েকটি রাজ্যে উচ্চ সতর্কতা জারি করেছে। আগে, পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বার্তাসংস্থা পিটিআইকে বলেছেন, “আমরা দিল্লির লালকেল্লার কাছে হওয়া বিস্ফোরণের বিষয়ে অবগত আছি। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে কনস্যুলার সহায়তা দিতে প্রস্তুত।”
যুক্তরাজ্যের সতর্কতা-
বিস্ফোরণের ঘটনার পর যুক্তরাজ্য সরকারও ভারতের কিছু অঞ্চলে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ১০ কিলোমিটারের মধ্যে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। মূলত সীমান্ত এলাকায় সম্ভাব্য সশস্ত্র সংঘাতের আশঙ্কা তুলে এই সতর্কতা দেওয়া হয়েছে।
এছাড়া, ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের কেন্দ্রশাসিত অঞ্চল—যেমন পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর শহর এবং জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক—ভ্রমণ থেকেও বিরত থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। শুধুমাত্র বিমানে করে জম্মু শহরে আসা-যাওয়ার এবং শহরের অভ্যন্তরে ভ্রমণ করার অনুমতি দেওয়া হয়েছে।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৩ সালে শুরু হওয়া জাতিগত সহিংসতা ও কারফিউয়ের কারণে মণিপুর রাজ্য, বিশেষ করে রাজধানী ইম্ফল, জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ পেয়েছে। যদিও সহিংসতা মাঝে মাঝে থেমে গেছে, তবে চলতি বছরের মে থেকে জুলাইয়ের মধ্যে নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
বিস্ফোরণ ও ঘটনাস্থল-
পুলিশ জানায়, বিস্ফোরণের সময় গাড়িটিতে তিনজন যাত্রী ছিলেন। ঘটনাস্থলে পাওয়া তথ্য অনুযায়ী, এটি আত্মঘাতী হামলা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের এক কর্মকর্তা জানান, “বিস্ফোরিত গাড়িটি হুন্ডাই আই-২০ ছিল এবং এতে তিনজন যাত্রী ছিলেন। আহতদের শরীরে কোনও ছিদ্র বা গুলির চিহ্ন পাওয়া যায়নি, যা এই ধরনের বিস্ফোরণে অস্বাভাবিক। সব দিক থেকে তদন্ত চলছে।”
বিস্ফোরণের প্রভাবের ফলে নয়াদিল্লি শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ এলাকা ও জনসমাগম কেন্দ্রগুলিতে অতিরিক্ত নিরাপত্তা প্রহরা বাড়িয়েছে।

