নয়াদিল্লিতে গাড়িবোমা বিস্ফোরণের তদন্তে ভারতকে সহযোগিতা প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, তবে ভারত ভদ্রভাবে তা প্রত্যাখ্যান করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ভারত ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং এতে পুরোপুরি সক্ষম।
রুবিও বলেন, “দিল্লিতে গাড়িবোমা বিস্ফোরণ একটি সন্ত্রাসী হামলা। আমরা এর তীব্র নিন্দা জানাই। ভারতের পক্ষ থেকে তদন্ত ইতোমধ্যেই শুরু হয়েছে এবং আমরা চাই তা সফল হোক।”
তিনি আরো জানান, বিস্ফোরণের পর তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ করেন এবং সহযোগিতার প্রস্তাব দেন, যা ভারত প্রয়োজন না ভেবে প্রত্যাখ্যান করেছে।
১০ নভেম্বর নয়াদিল্লির পর্যটন এলাকা লালকিল্লার কাছে একটি মেট্রোরেল স্টেশনের কাছে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হন। বিস্ফোরণটি একটি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইডি বোমা) দিয়ে ঘটানো হয়।
পাকিস্তানি কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ এবং ভারতের জম্মু-কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী জামাত-ই-ইসলামকে হামলার জন্য দায়ী করা হচ্ছে।
গতকাল নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পুলিশ ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে এই ঘটনার বিষয়টি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

