বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিদের আকৃষ্ট করতে ‘কালচারাল ভিসা’ নামে নতুন একটি ভিসা প্রকল্প চালু করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ ওমান। দেশটির শিল্প ও সংস্কৃতি খাতকে আরও বৈচিত্র্যময় ও সমৃদ্ধ করতে এই ভিসা চালুর সিদ্ধান্ত নেয় সরকার।
সরকারি কর্মকর্তাদের মতে নতুন প্রকল্পের আওতায় পৃথিবীর বিভিন্ন প্রান্তের শিল্পী, গবেষক এবং সাংস্কৃতিক ব্যক্তিরা বিনিময় কর্মসূচি, শৈল্পিক নির্দেশনা, যৌথ গবেষণা, সাহিত্য-শিল্পবিষয়ক সম্মেলন ও উৎসবে অংশগ্রহণসহ যেকোনো সাংস্কৃতিক ও শিল্পকলা সংশ্লিষ্ট কাজে অস্থায়ী ভিসা পাবেন।

সময়সীমা অনুযায়ী এই ভিসার তিনটি ধরন নির্ধারণ করা হয়েছে— স্বল্পমেয়াদি এক বছরের, মধ্যমমেয়াদি পাঁচ বছরের এবং দীর্ঘমেয়াদি ১০ বছরের। মধ্যম মেয়াদ ও দীর্ঘমেয়াদি ভিসাধারীদের প্রতি বছর ৫০ ওমানি রিয়াল ভিসা ফি পরিশোধ করতে হবে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৮৮৩ টাকা।
কালচারাল ভিসার একটি উল্লেখযোগ্য সুবিধা হলো ভিসাধারী চাইলে তার বিবাহিত জীবনসঙ্গী ও প্রথম ডিগ্রির আত্মীয়দের—অর্থাৎ বাবা-মা এবং সহোদর ভাইবোনদের—ওমান ভ্রমণে সঙ্গে নিতে পারবেন।
তবে ভিসা ইস্যুর পর তিন মাসের মধ্যে আবেদনকারীকে ওমানে গিয়ে ভিসাটি সক্রিয় করতে হবে। ভিসার অপব্যবহার রোধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ।

