বিবিসির ‘প্যানোরামা’ তথ্যচিত্রে তার বক্তৃতার অংশ ভুলভাবে সম্পাদনা করার অভিযোগে তিনি সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি ক্ষমা চাইলেও ট্রাম্প শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, আগামী সপ্তাহে বিবিসির বিরুদ্ধে ১ থেকে ৫ বিলিয়ন ডলারের মামলা করা হবে।
ট্রাম্প আরো জানিয়েছেন, তিনি এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে কথা বলবেন। বিবিসি একটি প্রামাণ্যচিত্রে ট্রাম্পের বক্তৃতা এমনভাবে সম্পাদনা করেছিল যে তা সহিংসতার আহ্বান প্রদানের মতো মনে হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সংস্থা ক্ষমা চেয়েছে।
বিবিসির চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে ট্রাম্পকে জানিয়েছেন, প্রামাণ্যচিত্রে তার বক্তব্য যেভাবে কাটা ও সাজানো হয়েছিল, তার জন্য তারা দুঃখিত এবং এটি আর কোনও প্ল্যাটফর্মে দেখানো হবে না।
বিবিসির ভাষায়, “ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদিত হয়েছিল তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমাদের মতে মানহানির অভিযোগ তোলার কারণ নেই।”
সপ্তাহের শুরুতে ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে সতর্ক করেছিলেন, যদি বক্তব্য প্রত্যাহার না করা হয়, ক্ষমা না চাওয়া হয় এবং ক্ষতিপূরণ না দেওয়া হয়, তবে তারা ১ বিলিয়ন ডলারের জন্য মামলা করবেন।
এই বিতর্কের প্রভাবে গত সপ্তাহে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরাহ টের্নেস পদত্যাগ করেছেন।

