ইন্দোনেশিয়া যুদ্ধবিরতিতে থাকা ফিলিস্তিনের গাজা উপত্যকার আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর জন্য ২০ হাজার সেনাকে প্রশিক্ষণ দিচ্ছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী সাজাফরি সাজামসোয়েদ্দিন শুক্রবার মন্ত্রণালয়ের বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, গাজায় একটি পূর্ণাঙ্গ শান্তিরক্ষী টিম পাঠানো হবে, যাতে থাকবে ২০ হাজার প্রশিক্ষিত সৈন্য, পাশাপাশি ডাক্তার ও প্রকৌশলীরা।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য তারা জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র থেকে অনুমোদন পেয়েছে। এখন মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের ‘সবুজ সংকেতের’ অপেক্ষা।
তিনি উল্লেখ করেন, “আরব অঞ্চলের দেশগুলো—সৌদি আরব, জর্ডান, মিসর, কাতার ও সংযুক্ত আরব আমিরাত যদি অনুমোদন দেয়, ইন্দোনেশিয়া আনন্দের সঙ্গে গাজা মিশনে অংশ নেবে।”
প্রসঙ্গত, ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব পেশ করেন। ২০টি পয়েন্টের মধ্যে উল্লেখ ছিল, যুদ্ধপরবর্তী গাজায় একটি অস্থায়ী বেসামরিক টেকনোক্র্যাট সরকার ও আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠন করা হবে। এই বাহিনী টেকনোক্র্যাট সরকারের কাছে জবাবদিহিতা করবে।
তবে চূড়ান্ত বাহিনী কখন কার্যকর হবে তা এখনও নির্ধারিত হয়নি। যুদ্ধবিরতির এক মাস পেরিয়ে গেলেও টেকনোক্র্যাট সরকার গঠনের কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

