ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে ভারী বৃষ্টিপাতের পর ভূমিধসে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে এবং ১৭ জন এখনও নিখোঁজ রয়েছেন। গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সিলাক্যাপ শহরের সিবেউনিং গ্রামে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। এতে বেশ কয়েকটি বাড়ি মাটির নিচে চাপা পড়ে এবং উদ্ধার কাজ এখনো চলছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা বুদি ইরাওয়ান জানিয়েছেন, প্রথমে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়, পরে আরো তিনটি মৃতদেহ পাওয়া গেছে। এখনও ১৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি, তবে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
উদ্ধারকারীরা জানান, মাটির নিচে চাপা পড়া এলাকাটি চ্যালেঞ্জিং এবং গভীর, স্থানটি ৩ থেকে ৮ মিটার গভীর হওয়ায় উদ্ধারকাজ আরও কঠিন হয়ে উঠেছে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, এবারের বর্ষা মৌসুম, যা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, আগামী এপ্রিল পর্যন্ত চলবে এবং এটি বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি সৃষ্টি করবে।
প্রসঙ্গত, জানুয়ারিতে মধ্য জাভা প্রদেশের পেকালোঙ্গান শহরে ভূমিধসে ২৫ জনের মৃত্যু হয়েছিল।
ইন্দোনেশিয়ায় প্রাকৃতিক দুর্যোগের ঘটনা সাম্প্রতিক বছরগুলিতে বাড়ছে, যা মূলত ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি অঞ্চলের ভূমির কারণে ঘটছে।

