ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের নওগাম থানায় ঘটে যাওয়া বিস্ফোরণকে নিছক দুর্ঘটনা বলে অভিহিত করেছেন জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক নলিন প্রভাত। তিনি আজ শনিবার জানান, থানায় সংরক্ষিত জব্দ করা বিস্ফোরক পদার্থের কারণে এই ঘটনা ঘটেছে।
দিল্লির লালকেল্লায় সম্প্রতি ঘটে যাওয়া গাড়িবোমার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা বিস্ফোরক নওগাম থানায় রাখা হয়েছিল। জব্দ করা পদার্থ থানার খোলা জায়গায় রাখা হয়েছিল এবং ফরেনসিক ও রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা পাঠানোর কাজ চলছিল।
প্রভাত জানান, বিস্ফোরক পদার্থের ‘অস্থিতিশীল এবং সংবেদনশীল প্রকৃতি’ই দুর্ঘটনার মূল কারণ। ফরেনসিক দল অত্যন্ত সতর্কতার সঙ্গে নমুনা সংগ্রহ করছিল, তবুও দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন রাজ্যের গোয়েন্দা সংস্থার একজন, ফরেনসিক দলের তিনজন কর্মী, দুই আলোকচিত্রী, দুই রাজস্ব কর্মকর্তা এবং একজন দর্জি।
এছাড়া ২৭ পুলিশ সদস্য, দুই রাজস্ব কর্মকর্তা এবং আশপাশের তিন জন সাধারণ মানুষ আহত হয়েছেন। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ মহাপরিচালক বলেন, ঘটনার কারণ নিয়ে জল্পনা-কল্পনার দরকার নেই। বিস্ফোরণের ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। থানা ভবন ও পাশের ভবনগুলোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

