ভারতের বিহার রাজ্য শাখা বিজেপি গতকাল শনিবার (১৫ নভেম্বর) সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিংকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। বিহারের বিধানসভা নির্বাচনে ৮৯টি আসন জয় করে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশের একদিন পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আর কে সিংয়ের সঙ্গে বিজেপি এমএলসি অশোক আগরওয়ালকেও একই কারণে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পৃথক চিঠিতে বলা হয়েছে, দলবিরোধী কর্মকাণ্ড ও লাগাতার আন্তদলীয় বাগাড়ম্বরপূর্ণ বক্তব্যের কারণে এই পদক্ষেপ জরুরি।
বিধানসভা নির্বাচনের আগে অক্টোবর মাসে আর কে সিং ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছিলেন, যেখানে ভোটারদের অনুরোধ ছিল অপরাধমূলক অভিযোগ থাকা নেতাদের ভোট না দেওয়ার। এতে জেডির (ইউ) অনন্ত সিং এবং উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর মতো বিজেপি ও এনডিএর নেতাদেরও ইঙ্গিত ছিল।
চিঠিতে আরো বলা হয়েছে, ‘আপনার কার্যকলাপ দলীয় নীতির পরিপন্থী এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের আওতায় পড়ে। দল এই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করেছে। এ ধরনের কর্মকাণ্ডে দলের ক্ষতি হয়েছে। অতএব, আপনাকে সাময়িকভাবে বহিষ্কার করা হচ্ছে এবং এক সপ্তাহের মধ্যে আপনার অবস্থান লিখিতভাবে জানাতে হবে।’

