গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানোর মার্কিন পরিকল্পনা অনুমোদন করেছে জাতিসংঘ। সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্রের তোলা খসড়া প্রস্তাবে সমর্থন দেয় ১৩টি দেশ। চীন ও রাশিয়া ভোটদানে বিরত থাকে।
প্রস্তাবে বলা হয়, গাজা পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্য পূরণে সদস্য রাষ্ট্রগুলো শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। এর অংশ হিসেবে গাজা নিরস্ত্রীকরণ ও সামরিক অবকাঠামো ধ্বংসে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠানো যাবে।
এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, শান্তির জন্য গঠিত বোর্ডের সভাপতিত্ব করবেন তিনি।
প্যালেস্টাইন অথরিটিও প্রস্তাবকে সমর্থন জানিয়েছে। তবে হামাস একে সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, এই পরিকল্পনা গাজা উপত্যকার ওপর আন্তর্জাতিক অভিভাবকত্ব প্রতিষ্ঠা করবে, যা তাদের জন্য অগ্রহণযোগ্য।
ইসরায়েলেও প্রস্তাবটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অনেকে বলছেন, এটি ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনা বাড়াতে পারে।

