ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে নতুন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নেয়, তাহলে এর ফল হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের “শেষ”— এমন পরিস্থিতি তাঁকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। বুধবার (১৯ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এমন তথ্য জানায়।
সোমবার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে মাদুরো অভিযোগ করেন, ট্রাম্পকে ঘিরে থাকা কিছু শক্তিশালী গোষ্ঠী যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে। তাঁর ভাষায়, ওই মহলগুলো চান ট্রাম্প ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে এমন এক ভুল করুক, যা রাজনৈতিকভাবে তাঁর নেতৃত্ব ও পরিচয়ের পরিসমাপ্তি ঘটাবে।
মাদুরোর দাবি, ট্রাম্পকে চাপ ও উসকানি দেওয়া হচ্ছে— এবং এর উৎস শুধু প্রকাশ্য প্রতিপক্ষ নয়, ট্রাম্পের আশপাশের কিছু ব্যক্তির মধ্যেও এমন মনোভাব দেখা যাচ্ছে, যারা “ট্রাম্প-পরবর্তী সময়” নিয়ে আলাদা হিসাব কষছেন।
মাদুরো বলেন, এসব ‘শত্রু’ কারা তিনি জানেন, তবে নাম প্রকাশ করবেন না। একই সঙ্গে তিনি আবারও জানান, ভেনেজুয়েলার অবস্থান অপরিবর্তিত— তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত, কারণ কূটনীতি ও মতৈক্যের মাধ্যমেই সমাধান খুঁজে পাওয়া সম্ভব।
তিনি আরো বলেন, বিগত ১৬ সপ্তাহ ধরে দেশটি “হুমকি, মানসিক আগ্রাসন ও নজরদারি” মোকাবিলা করছে। এর মধ্যেই বলিভারিয়ান সশস্ত্র বাহিনী আরও সংগঠিত হয়েছে, মিলিশিয়ার কার্যক্রম সম্প্রসারিত হয়েছে এবং জনগণ সামরিক পরিকল্পনার প্রতি শান্তভাবে সমর্থন জানাচ্ছে।
এর আগে গত রোববার ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার সঙ্গে “আলোচনার সম্ভাবনা আছে”, কারণ “ওরা কথা বলতে চায়”। যদিও পরবর্তী সময় তিনি ইঙ্গিত দেন, ভেনেজুয়েলা–সম্পর্কিত কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে— তবে বিস্তারিত কিছু প্রকাশ করেননি।

