সৌদি আরবকে ন্যাটোর বাইরের প্রধান মিত্র হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে “প্রধান নন-ন্যাটো মিত্র” হিসেবে স্বীকৃতি দিচ্ছে বলে জানান তিনি। বুধবার (১৯ নভেম্বর) এ তথ্য জানায় টিআরটি ওয়ার্ল্ড।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে ডিনারের সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র–সৌদি সামরিক সহযোগিতা আরো উচ্চমাত্রায় উন্নীত হচ্ছে। তাঁর ভাষায়, “সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে প্রধান নন-ন্যাটো মিত্র হিসেবে ঘোষণা করা হচ্ছে, এটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সংবাদমাধ্যম বলছে, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি দীর্ঘমেয়াদি সহযোগিতা শক্তিশালী করার একটি বড় পদক্ষেপ। সৌদি সংবাদমাধ্যম চুক্তিটিকে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধিতে দুই দেশের যৌথ অঙ্গীকারের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছে।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, এমবিএসের এই সফরে বেসামরিক পারমাণবিক শক্তি ও প্রতিরক্ষা খাতে আরো কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পারমাণবিক শক্তি নিয়ে একটি “যৌথ ঘোষণা” অনুমোদন করেছে, যা আগামী কয়েক দশকে বিলিয়ন ডলারের সহযোগিতার আইনি ভিত্তি তৈরি করবে।
হোয়াইট হাউস আরো জানায়, এই সহযোগিতা পরমাণু অস্ত্র বিস্তার রোধের নিয়ম মেনে বাস্তবায়ন করা হবে। এছাড়া সৌদি ক্রাউন প্রিন্সের সফরে এফ–৩৫ যুদ্ধবিমানসহ নতুন একটি অস্ত্র বিক্রয় চুক্তিতেও সম্মতি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

