মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত উচ্চ শুল্ক থাকা সত্ত্বেও পাঁচ মাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানি অক্টোবরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেপ্টেম্বরে যে রপ্তানির পতন দেখা গিয়েছিল, তার বিপরীতে অক্টোবরে যুক্তরাষ্ট্রগামী রপ্তানি সাড়ে ১৪ শতাংশ বৃদ্ধি পায়।
আগস্টের শেষ দিকে ট্রাম্প প্রশাসন ভারতের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে, যার সঙ্গে রাশিয়ান তেল আমদানির কারণে অতিরিক্ত ২৫ শতাংশ জরিমানাও যোগ হয়। এসব কারণেই ভারতের যুক্তরাষ্ট্রে রপ্তানির প্রধান প্রবাহে বড় ধস নেমেছিল। তবে নতুন পরিস্থিতিতে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যায়।
ভারতের রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলো যুক্তরাষ্ট্র থেকে বাড়তি পরিমাণ এলপিজি আমদানির বিষয়ে সম্মত হয়েছে। পাশাপাশি ট্রাম্প প্রশাসন কয়েকটি কৃষিপণ্যে পারস্পরিক শুল্ক ছাড় দেয়, যা ভারতের জন্য সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে। দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনাও দ্রুত অগ্রসর হচ্ছে বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন। তাঁদের মতে, চুক্তির মূল কাঠামো নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে।
অক্টোবরে ভারতের মোট রপ্তানি প্রায় ১২ শতাংশ কমে গেলেও মার্কিন বাজারে রপ্তানির উত্থান সামগ্রিক বাণিজ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। যুক্তরাষ্ট্রে পোশাক, চিংড়ি, রত্ন ও গহনা—এইসব পণ্যের অন্যতম প্রধান রপ্তানিকারক দেশ হলো ভারত, এবং এসব খাতেই মার্কিন চাহিদা অব্যাহত রয়েছে।

