ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পশ্চিম তীর অঞ্চলের ফিলিস্তিনিদের ওপর নির্যাতন-নিপীড়নে যুক্ত ইসরায়েলি নাগরিকদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এ সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপগুলো নির্ধারণের জন্য শিগগিরই মন্ত্রিসভার বৈঠক ডাকা হবে।
নেতানিয়াহু সোমবার এক বিবৃতিতে বলেন, “আমি লক্ষ্য করেছি, পশ্চিম তীরে একটি ছোট, চরমপন্থি গ্রুপ দীর্ঘদিন ধরে সহিংসতা, বিশৃঙ্খলা সৃষ্টি এবং আইন নিজের হাতে নেওয়ার চেষ্টা করছে। এটি একেবারেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরো জানান, “পশ্চিম তীরের দাঙ্গাকারীদের গ্রেপ্তার করা এবং তাদের বিরুদ্ধে আইনের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে আমি ইতিমধ্যে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে বিষয়টি পর্যবেক্ষণ করব এবং মন্ত্রিসভার সদস্যরা আমাকে এ কাজে সহযোগিতা করবেন।”
পশ্চিম তীরে সহিংসতা রোধে আলাদা রসদ ও অর্থায়নের সিদ্ধান্ত নেওয়ার বিষয়েও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ উল্লেখ করেন।
সোমবার জাবায় দাঙ্গার সময় কয়েকটি বাড়িঘর ও যানবাহনে আগুন লেগেছিল। এর আগে পশ্চিম তীরের অন্যান্য গ্রামেও একই রকম সহিংসতা ঘটেছে। ফিলিস্তিনের মন্ত্রিসভা জরুরি বৈঠকের পরে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানায়। তারা অভিযোগ করে যে, ইসরায়েলি দাঙ্গাকারীরা আন্তর্জাতিক আইন নিয়মিত লঙ্ঘন করছে এবং এদেরকে ইসরায়েল সরকার সমর্থন করছে।
৫,৬৫৫ বর্গকিলোমিটার আয়তনের পশ্চিম তীরে প্রায় ২৭ লাখ ফিলিস্তিনি বসবাস করছেন। আন্তর্জাতিকভাবে প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের মূল ভূখণ্ড হিসেবে পশ্চিম তীরকে বিবেচনা করা হয়। গাজার যুদ্ধবিরতির পর থেকে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র দাবি আন্তর্জাতিক পর্যায়ে ক্রমশ শক্তিশালী হচ্ছে।

