যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে সাক্ষাৎ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তরে ওই দিন ওভাল অফিসে বৈঠকটি হবে।
গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। তিনি লিখেছেন, “আমরা এই মর্মে একমত হয়েছি যে ২১ নভেম্বর শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আমাদের সাক্ষাৎ ঘটছে।”
এর আগে মামদানি সাক্ষাতের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। সোমবার সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচনী প্রচারণার সময় নিউইয়র্কের ভোটারদের উদ্দেশে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আমার টিম ইতোমধ্যে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।”
তবে ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্ট প্রকাশের পর সাংবাদিকরা যখন মামদানি ও তার টিমের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন, তখন তারা কেউই কোনো মন্তব্য করতে রাজি হননি।
নিউইয়র্কের মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানিকে থামাতে ট্রাম্প প্রশাসন ব্যাপক চেষ্টা চালায়। ট্রাম্প নিজেও প্রকাশ্যে বলেছিলেন, মামদানি নির্বাচিত হলে নিউইয়র্কের জন্য বরাদ্দ সরকারি অর্থ আটকে দেবেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের তথ্য অনুযায়ী, মামদানির বিরুদ্ধে প্রচারণায় ট্রাম্প প্রশাসন এবং রিপাবলিকান পার্টি মোট ২৪০ কোটি ডলার ব্যয় করেছে।
কিন্তু এসব প্রচেষ্টা সত্ত্বেও মামদানিকে থামানো যায়নি। নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে তিনি ৫০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন। আগামী ১ জানুয়ারি তিনি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন।

