চলতি বছরের মে মাসে ভারতের বিরুদ্ধে পাকিস্তান চারদিনের যুদ্ধে জয়ী হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ‘দ্য ইউএস-চায়না ইকোনোমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন ২০২৫’। মার্কিন কমিশন তাদের বার্ষিক প্রতিবেদন কংগ্রেসের কাছে হস্তান্তর করেছে।
কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের যুদ্ধ গত ৫০ বছরের মধ্যে ভারত-পাকিস্তানের মধ্যে সবচেয়ে তীব্র লড়াই হিসেবে ধরা হয়। ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগামে এপ্রিলে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর ৭ মে ভারত পাকিস্তানে সামরিক হামলা চালায়। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা পরিচালনা করে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই যুদ্ধের সময় দুই দেশ একে অপরের ভূখণ্ডে গভীরতম হামলা চালিয়েছে। পাকিস্তান চীনের সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে সামরিক কার্যক্রমে সফলতা অর্জন করেছে। চীনের দেওয়া জে-১০ যুদ্ধবিমান, পিএল-১৫ এয়ার টু এয়ার মিসাইল এবং এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাকিস্তান সরাসরি লড়াইয়ের ক্ষেত্রে সুবিধা পেয়েছে। এছাড়া পাকিস্তান চীনের গোয়েন্দা তথ্যও কাজে লাগিয়েছে বলে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কমিশন আরো জানিয়েছে, পাকিস্তানের সামরিক অস্ত্রের প্রায় ৮২ শতাংশ সরবরাহ করে চীন। যদিও পাকিস্তান এখন পর্যন্ত বেইজিংয়ের সরাসরি সাহায্যের কথা স্বীকার করেনি।
কমিশনের বিশ্লেষণ অনুযায়ী, চীনের সহায়তায় পাকিস্তান এই সামরিক সংঘাতে দক্ষতা প্রদর্শন করেছে এবং চীনা অস্ত্রের কার্যকারিতাও এতে ফুটে উঠেছে।

