পাকিস্তান নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করেছে। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) এ সংক্রান্ত নোটিশ আজ বৃহস্পতিবার এয়ারম্যানদের কাছে জারি করেছে।
নোটিশে বলা হয়েছে, পাকিস্তানের আকাশে ভারতীয় বিমান চলাচলের নিষেধাজ্ঞা আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনব্যাপী যুদ্ধের সময় পাকিস্তান প্রথমে ভারতীয় বিমানে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেই নিষেধাজ্ঞা পরবর্তীতে কয়েক দফায় বৃদ্ধি করা হয়েছে। সর্বশেষ নিষেধাজ্ঞাটি চারদিন পর শেষ হওয়ার কথা ছিল। তবে এর আগেই নতুন মেয়াদ বৃদ্ধির নোটিশ জারি করা হয়েছে। পাকিস্তানের পাশাপাশি ভারতও তাদের আকাশসীমায় পাকিস্তানি বিমান চলাচল বন্ধ রেখেছে।
সর্বশেষ নোটিশ অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় থাকবে ভারতে নিবন্ধনকৃত সব বিমান, ভারতীয় এয়ারলাইন্সের মালিকানাধীন, পরিচালিত এবং লিজ নেওয়া সব বিমান। এছাড়া পাকিস্তানের আকাশের ওপর কোনো সামরিক বিমানও উড়তে পারবে না। নিষেধাজ্ঞাটি গতকাল বুধবার (১৯ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে এবং ২৪ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
নিষেধাজ্ঞার কারণে ভারতীয় বিমানগুলোর ওপর উল্লেখযোগ্য প্রভাব পড়েছে। জানা গেছে, দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারকে অনুরোধ করছে যেন তাদের চীনের শিনজিয়াং প্রদেশের ওপর দিয়ে উড়ার অনুমতি দেওয়া হয়। পাকিস্তানের আকাশ ব্যবহার না করতে পারায় ভারতীয় বিমানগুলোকে দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে। শিনজিয়াংয়ের ওপর দিয়ে উড়লে সময় কমবে এবং জ্বালানি খরচও কমবে।
পাকিস্তানের নিষেধাজ্ঞার কারণে এয়ার ইন্ডিয়ার জ্বালানি খরচ ২৯ শতাংশ বেড়েছে। কিছু কিছু গন্তব্যে উড়ার সময় ৩ ঘণ্টার বেশি বৃদ্ধি পেয়েছে। ইন্ডিগোসহ অন্যান্য বিমান সংস্থাও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে পাকিস্তান সরকারেরও আকাশসীমা বন্ধের কারণে সম্ভাব্য অর্থ আয় থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

