মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডসে অভিবাসন বিভাগের বিশেষ অভিযান ‘অপ গেমপুর’-এ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪৬৮ জন বিদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি নাগরিক আছেন ১৭৪ জন। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে অভিবাসন বিভাগের ৫৪৭ সদস্য অংশ নেন। পাহাড়ি অঞ্চলের চারটি জোনজুড়ে ব্যবসায়িক এলাকা, নির্মাণস্থল ও সবজিখামারে এ অভিযান চালানো হয়।
অভিযান চলার সময় দেখা যায়, অধিকাংশ শ্রমিক সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত ছিলেন এবং কর্তৃপক্ষের উপস্থিতি টের না পাওয়ায় পালানোর সুযোগ পাননি। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহবান জানান, এক মাস ধরে অভিযোগ সংগ্রহ ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এই অভিযান পরিকল্পনা করা হয়েছে।
তিনি বলেন, গোয়েন্দা তথ্য বলছে, প্রতিবেশী অঞ্চলগুলোর কৃষিকাজের পাশাপাশি এই এলাকা বিদেশি শ্রমিকদের কাজের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি শ্রমিকের উপস্থিতি বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জাকারিয়া আরও জানান, পাহাড়ি ভূপ্রকৃতি ও শহর থেকে দূরত্ব বিদেশিদের এখানে কাজ নেওয়ার প্রবণতা বাড়িয়েছে। স্থানীয় কিছু ব্যবসায়ীর বিদেশি শ্রমিক নিয়োগের আগ্রহ এ পরিস্থিতিকে আরও জটিল করছে।
অভিযানে মোট ১ হাজার ৮৮৬ জনের কাগজপত্র যাচাই করা হয় এবং ৪৬৮ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযোগের মধ্যে রয়েছে মেয়াদোত্তীর্ণ পাস, ভ্রমণ নথির অভাব এবং কিছু ক্ষেত্রে জাল সন্দেহের অস্থায়ী কর্মপাস প্রদর্শন।
আটকদের মধ্যে মিয়ানমারের ১৭৫ জন, বাংলাদেশের ১৭৪ জন, ইন্দোনেশিয়ার ৬৭ জন, নেপালের ২০ জন, পাকিস্তানের ১৬ জন, ভারতের ১১ জন এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কম্বোডিয়ার একজন করে নাগরিক রয়েছেন। এদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী এবং চার শিশু। আটক ব্যক্তিদের বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে।
তাদের কেলান্তান, পেরাক ও সেলাঙ্গরের অভিবাসন হেফাজত কেন্দ্রে পাঠানো হবে। অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় বিভিন্ন অভিযানে মোট ৮৩ হাজার ৯৯৪ বিদেশিকে আটক করা হয়েছে।

