ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মধ্যাঞ্চলে কিলাকাপ ও বাঞ্জারনেগারা শহরে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। নিখোঁজ আছেন আরও অন্তত ২১ জন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার টানা ভারি বৃষ্টির পর দুই শহরে বড় ধরনের ভূমিধস হয়। দুর্যোগের পরপরই উদ্ধারকাজ শুরু করে দুর্যোগ মোকাবিলা দপ্তরের দল। এখন সেখানে উদ্ধার তৎপরতায় অন্তত ৭০০ সদস্য কাজ করছেন। তাদের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীও যোগ দিয়েছে।
বাঞ্জারনেগারায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিলাকাপ থেকে উদ্ধার করা হয়েছে আরও ২০ জনকে। নিখোঁজ ২১ জনের মধ্যে ১৮ জনই বাঞ্জারনেগারার বাসিন্দা।
দুর্যোগ মোকাবিলা বিভাগের মুখপাত্র আবদুল মুহারি বলেছেন, ভূমিধসে দুই শহরের বহু বাড়িঘর ধ্বংস হয়েছে। আহত ৭ জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি বাঞ্জারনেগারা থেকে ৯০০-র বেশি এবং কিলাকাপ থেকে ২০০-র বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে।
মুহারি জানান, বিপুল জঞ্জাল সরাতে সময় লাগছে। টানা বৃষ্টির কারণে নতুন ভূমিধসের ঝুঁকিও বাড়ছে। তারপরও তারা অন্তত আরও এক সপ্তাহ উদ্ধার অভিযান চালিয়ে যাবেন।

