রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ২৮টি পয়েন্টের একটি যুদ্ধবিরতি প্রস্তাব গতকাল ফাঁস হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই প্রস্তাবটি আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে পাঠানো হয়েছিল। ট্রাম্প জানিয়েছেন, জেলেনস্কিকে ২৭ নভেম্বরের মধ্যে এই পরিকল্পনায় সম্মতি জানাতে হবে।
তিনি আরো সতর্ক করেছেন, যদি এই সময়সীমার মধ্যে জেলেনস্কি প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া না দেন, তাহলে যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে সরে যাবে এবং ইউক্রেনের প্রতি সমস্ত সমর্থন ও সহায়তা বন্ধ হয়ে যাবে।
শুক্রবার ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি বিভিন্ন ইস্যুতে পূর্বেও সময়সীমা বেঁধে দিয়েছি। যদি সবকিছু ঠিকঠাক চলে, তাহলে সময়সীমা বাড়ানো সম্ভব। তবে সব বিবেচনায়, ইউক্রেনকে মতামত জানানোর জন্য আমি ২৭ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছি। আমার মনে হয় এটা যথাযথ।”
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ট্রাম্প আরো বলেন, “প্রস্তাবে এমন কিছু পয়েন্ট রয়েছে, যেগুলোতে অতীতে জেলেনস্কি সায় দেননি। এখন তাকে এই পরিকল্পনা পছন্দ করতে হবে। যদি পছন্দ না করেন, তবে যুক্তরাষ্ট্র এই বিষয়ে আর থাকবে না, তারা যুদ্ধ চালিয়ে যেতে পারে।”
ট্রাম্প স্মরণ করান, গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে প্রথমবার মুখোমুখি বৈঠক হয়। সেই বৈঠকের শেষ ছিল প্রীতিকর নয়। তিনি বলেন, “ওভাল অফিসেই আমি তাকে বলেছিলাম, ‘আপনার হাতে কোনো কার্ড নেই।’”

