যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা ও ইসরায়েলের মধ্যে স্থাপিত যুদ্ধবিরতি অন্তত ৪৯৭ বার লঙ্ঘন করেছে দখলদার ইসরায়েল। শনিবার (২২ নভেম্বর) গাজার সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে।
গত ১০ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছেছিল। কিন্তু শুরু থেকেই এটি ভঙ্গুর অবস্থায় ছিল।
৪৪ দিন বয়সী এই যুদ্ধবিরতি ৪৯৭ বার ভঙ্গ করার ফলে শত শত মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই নারী, শিশু ও বয়স্ক। শুধু গতকাল শনিবারই ইসরায়েল ২৭ বার চুক্তি ভঙ্গ করে হামলা চালিয়েছে, যার ফলে ২৪ জন নিহত এবং ৮৭ জন আহত হয়েছেন।
গাজার মিডিয়া অফিস জানিয়েছে, এই কার্যকলাপ শুধুমাত্র মানবাধিকারের লঙ্ঘন নয়, যুদ্ধবিরতির মানবিক প্রটোকলও ইসরায়েল উপেক্ষা করেছে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ায়ও গাজায় এখনও পূর্ণমাত্রায় ত্রাণ পৌঁছাতে দেয়নি ইসরায়েল। যুদ্ধবিরতি শুরু হওয়ার দিন থেকে প্রতিদিন গড়ে ৬০০ ট্রাক ত্রাণ ঢুকার কথা থাকলেও বাস্তবে গড়ে ১৫০ ট্রাক বা তার কমই প্রবেশ করেছে।
গতকাল হামলার অজুহাত হিসেবে ইসরায়েল দাবি করেছে, হামাসের একজন যোদ্ধা তাদের সেনাদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে। হামাসের পলিটিক্যাল ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য ইজজাত আল-রিসেক চ্যালেঞ্জ জানিয়েছেন, ওই হামাস সদস্যের পরিচয় প্রকাশ করতে এবং ইসরায়েল গাজার মানুষকে নতুন অজুহাত দেখিয়ে হামলা চালাচ্ছে।
আলজাজিরার সাংবাদিক তারেক আবু আজম গাজা সিটি থেকে জানিয়েছেন, যুদ্ধবিরতি কেবল কাগজে আছে, বাস্তবে তা কার্যকর নয়। ইসরায়েল যখন খুশি তখন বিমান হামলা চালাচ্ছে।

