আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে গভীর রাতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। তালেবান সরকারের দাবি, মধ্যরাতে গোরবুজ জেলার একটি বাসায় এই বোমা হামলায় অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন শিশু—পাঁচ ছেলে ও চার মেয়ে—এবং ১ জন নারী।
মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি অভিযোগ করে বলেন, পাকিস্তানি বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খান—কাজি মিরের ছেলে—এর বাড়িতে বোমা নিক্ষেপ করে ধ্বংস করেছে।
তিনি আরও জানান, খোস্ত ছাড়াও দেশের উত্তর-পূর্বাঞ্চলের কুনার ও পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও একাধিক বিমান হামলা হয়েছে। এসব হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
মুজাহিদ এসব হামলাকে পাকিস্তানের “আগ্রাসী আচরণ” হিসেবে আখ্যায়িত করেন এবং দাবি করেন যে লক্ষ্যবস্তু ছিল সাধারণ মানুষের বসতবাড়ি। তালেবান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

