ইথিওপিয়ার হায়লি গুবে আগ্নেয়গিরি ১২ হাজার বছরের নিষ্ক্রিয়তার পর পুনরায় অগ্ন্যুৎপাত করেছে। এই অগ্ন্যুৎপাত থেকে উদ্ভূত ঘন ধোঁয়ার স্তম্ভ আকাশে প্রায় ১৪ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছে এবং ছাই দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপরও ভেসে এসেছে।
রোববার কয়েক ঘণ্টা ধরে আফার অঞ্চলের হায়লি গুবি আগ্নেয়গিরিটি অগ্ন্যুৎপাত করে। রাজধানী আদ্দিস আবাবা থেকে উত্তর-পূর্বে প্রায় ৮০০ কিলোমিটার দূরে, ইরিত্রিয়া সীমান্তের কাছে অবস্থিত এই আগ্নেয়গিরি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০০ মিটার উচ্চতায় এবং রিফট ভ্যালির মধ্যে অবস্থিত। এটি দুটি ভূ-তাত্ত্বিক প্লেটের সংযোগস্থলে হওয়ায় ভূমিকম্প ও আগ্নেয়গিরির কার্যক্রম তুলনামূলকভাবে বেশি দেখা যায়।
টুলুজ আগ্নেয়ছাই পরামর্শ কেন্দ্র (ভিএএসি) জানিয়েছে, অগ্ন্যুৎপাতের পর ঘন ধোঁয়া আকাশে ১৪ কিলোমিটার পর্যন্ত উঠে গেছে। আগ্নেয়ছাইয়ের মেঘ ইয়েমেন, ওমান, ভারত এবং পাকিস্তানের উত্তরাঞ্চলের ওপর দিয়ে ভেসে গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশে উঠা সাদা ঘন ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে।
স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম জানিয়েছে, হোলোসিন যুগে অর্থাৎ বরফ যুগের শেষের পর ১২ হাজার বছরের মধ্যে হায়লি গুবিতে এর আগে কোনো অগ্ন্যুৎপাতের রেকর্ড নেই। মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ প্রফেসর সাইমন কার্নও নিশ্চিত করেছেন, “হোলোসিন যুগে হায়লি গুবিতে কোনো অগ্ন্যুৎপাতের রেকর্ড নেই।”
এই ঘটনা পরিবেশ ও আকাশগত অবস্থার ওপর প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

